নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
১০০ বছরে পদার্পণ করেছে জয়পুরহাটের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। বেলা ১২টায় স্কুল মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশসাক আফরোজা আকতার চৌধুরী। এর আগে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এই মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুত্তালেব মন্ডল, সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী সরকার, শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল প্রমুখ।
এছাড়া দিনব্যাপী স্মরণিকার মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান, ব্যাচ পরিচিতি, স্মৃতিচারণসহ নানা আয়োজন শেষে সন্ধ্যার পর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও ছন্নছাড়াসহ স্থানীয় শিল্পীরা। এদিন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবে ।
Leave a Reply