বেনফিকার মাঠে রিয়ালের প্রতিশোধ মিশন

বেনফিকার মাঠে রিয়ালের প্রতিশোধ মিশন

ফাইল ছবি

২৯ জানুয়ারির সেই লজ্জার রাত এমবাপ্পে-ভিনিসিয়ুসদের স্মৃতিতে এখনও তরতাজা। লিসবনে সে দিন বেনফিকার কাছে ৪-২ গোলে হার চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে নামিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ১৯ দিন পর, অর্থাৎ আজ আবার তারা পর্তুগালের রাজধানীতে যাচ্ছে সেই প্লে-অফের প্রথম লেগ খেলতে। বেনফিকার মাঠে সেই লজ্জার প্রতিশোধ নিতে পারবে কী স্প্যানিশ জায়ান্টরা!

এমন একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার জন্য সুখবর হলো, পুরো ফিট হয়ে ফিরছেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। হাঁটুর চোটে ভোগা এ তারকাকে শুধু এই ম্যাচটির জন্য সপ্তাহখানেক বিশ্রাম দেওয়া হয়েছিল। সে বিশ্রামে একেবারে তরতাজা হয়ে উঠেছেন তিনি। এমবাপ্পে-ভিনিসিয়ুস জুটিতেই হোসে মরিনহোর বেনফিকার বিপক্ষে শোধ নিতে চাইছে রিয়াল। তবে একটা প্রশ্নও ওঠেছে, দুই তারকাকে একসঙ্গে খেলালে নাকি রিয়ালের মাঝমাঠের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে একজন মাঠে থাকলে নাকি ফলাফল ভালো আসে। অবশ্য এ দুজনের সঙ্গে যখন জুড বেলিংহাম মাঠে নামেন, তখনই এই সমস্যা দেখা দেয়। বেনফিকার বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে তিনজনই একাদশের ছিলেন, ফলাফলও সবার জানা। ইংলিশ মিডফিল্ডার চোটের কারণে আজ মাঠে নামছেন না। তাই এমবাপ্পে-ভিনির কাঁধেই সওয়ার রিয়াল।

দারুণ ছন্দে আছেন ভিনিসিয়ুস জুনিয়রও। গত শনিবার রাতে ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের নৈপুণ্যেই রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। ভিনি দুটি পেনাল্টি আদায় করেন এবং দুটি স্পট-কিক থেকেই গোলও করেন। অনেকের মতে, চলতি মৌসুমে এটা তাঁর সেরা ম্যাচগুলোর একটি। রিয়াল কোচ আরবেলোয়ার বিশ্বাস ভিনি বেনফিকার বিপক্ষেও এ ছন্দ ধরে রাখবেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সত্যিকার অর্থেই সে দুর্দান্ত খেলছে। সে এমন একজন খেলোয়াড় যাকে পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। সে যেকোনো পরিস্থিতিতে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে মুহূর্তের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে বিশ্বের অন্যতম সেরা, তাঁকে কোচিং করাতে পারাটা আমার জন্য বিশেষ কিছু।’

আজ ‘স্তাদিও দা লুজ’ স্টেডিয়ামে বেনফিকার বিপক্ষে এমবাপ্পে ও ভিনি জুটি বাঁধছেন বলেও জানান কোচ, ‘এমবাপ্পে খুবই চমৎকার অবস্থায় আছে। সে ছোটোখাটো চোটগুলো সামালে পুরোপুরি ফিট হয়ে গেছে। মাঠে নামলেই সে সেরাটা দেয়। আমরা তাঁকে নিয়ে কখনও ঝুঁকি নেই না। সে ফিট বলেই আজ মাঠে নামতে প্রস্তুত।’

গত জানুয়ারিতে জাবি আলনসোর স্থলাভিষিক্ত হওয়ার পর এরইমধ্যে আরবেলোয়া একটি বিষয় প্রতিষ্ঠিত করেছেন। তারকারা যে পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেখানেই খেলাচ্ছেন তিনি। আলনসো প্রায়ই খেলোয়াড়দের পজিশন পরিবর্তন করতেন। এতে করে দলে অসন্তুষ্ট তৈরি হয়েছিল। আরবেলোয়া এটা করেন না। কার্লো আনচেলত্তির মতো তাঁরও ব্যবস্থাপনার ক্ষমতা বেশ ভালো। অনেকের মতে, এজন্যই তাঁর অধীনে ভিনিসিয়ুস দারুণ খেলছেন। হোসে মরিনহোর কৌশল মোকাবিলার জন্য খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়াই আরবেলোয়ার হাতিয়ার। ফিরতি লেগে নিজেদের মাঠে বলে খুব বেশি চিন্তা করছেন না রিয়াল বস।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme