নিউজ ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবায় কোনো ঘাটতি নেই। মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না। ডেঙ্গু রোগী বাড়লে মৃত্যুও বাড়বে।
মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের পাশে ডা. মিলন অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ড্রপস’ অ্যাপের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা গাইডলাইনও তৈরি করা হয়েছে। ডেঙ্গুর ওপরে চিকিৎসক-নার্সদের ট্রেনিং দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দু-এক দিনের তুলনায় রোগীর সংখ্যা এখনও কমেনি, বরং ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়ছে। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এটি সত্যিই উদ্বেগজনক।
তিনি বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে পারলে, ডেঙ্গুও আনতে পারবে। তবে মশা নির্মূল করতে হবে। মশা বাড়লে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এরইমধ্যে আমাদের স্বাস্থ্যসেবা ডেঙ্গু চিকিৎসায় অগ্রগতি লাভ করেছে।
Leave a Reply