অনলাইন ডেস্ক:
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে ধরে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ যে অন্যায় করেছেন, তার যথাযথ শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান
ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি যিনি করেছেন, তিনি পুলিশের হোন বা যে-ই হোন না কেন, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কেন করেছেন, কী করেছেন, আমরা জিজ্ঞেস করব। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে।
এর আগেও এডিসি হারুনের বিরুদ্ধে সাংবাদিকসহ অনেককে ক্ষমতা দেখিয়ে মারধর করার অভিযোগ রয়েছে, সাম্প্রতিক এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালের ঘটনাটি তার বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্যভাবে আমরা পেয়েছি। আমরা এটি নিয়ে কাজ করছি। তিনি যতটা অন্যায় করেছেন, ততটা শাস্তি তিনি অবশ্যই পাবেন।
Leave a Reply