সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

পুরনো ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। শনিবার (৫ অক্টোবর) দুপুরে সংলাপ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা উচিত। এছাড়া প্রধান উপদেষ্টাকে বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছয় সংস্কার কমিশন এবং আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইউনিয়ন পরিষদ বাতিল, প্রশাসন থেকে স্বৈরাচারী সরকারের দোসরদের সরানো এবং বিচার বিভাগের ৩০ জন বিচারকের অপসারণের দাবি জানানো হয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা ভারতে থেকে দলীয় প্রচারণা চালাচ্ছে। ভারতের সঙ্গে কথা বলে তাকে এ অবস্থা থেকে সরানোর জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা প্রত্যাহারের কথা বলা হয়েছে। গুম খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে এবং চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য বলা হয়েছে।

এর আগে দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে করে বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme