৬ বছর পর প্রেক্ষাগৃহে পপি

৬ বছর পর প্রেক্ষাগৃহে পপি

ফাইল ছবি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘ ছয় বছর পর ফের পর্দায় ফিরলেন। তবে দর্শকের সামনে নয়- এ যেন নীরব প্রত্যাবর্তন। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’, কিন্তু সিনেমাটির প্রচারণায় কোথাও দেখা যায়নি এই নায়িকাকে।

২০১৯ সালে ‘দি ডিরেক্টর’ সিনেমার পর থেকে বড় পর্দায় অনুপস্থিত পপি ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ অভিনয় করলেও পরবর্তী সময়ে কার্যত অন্তরালে চলে যান। এ সময় বিয়ে ও সন্তান জন্মদান নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও পপি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতির পরও সিনেমা মুক্তির সময় প্রচারণায় অনুপস্থিতি নির্মাতা ও সহকর্মীদের হতাশ করেছে। সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, পপিসহ কাউকেই প্রচারে পাচ্ছি না। সামাজিক মাধ্যমেও কেউ পোস্ট দিচ্ছে না। মনে হচ্ছে সিনেমাটার প্রতি কারও দরদ নেই।

‘ডাইরেক্ট অ্যাটাক’-এ পপি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে আছেন আমিন খান। আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা, রীতা প্রমুখ। অতিথি চরিত্রে আছেন হেলাল খান।

ঢাকা ও ঢাকার বাইরে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ টানতে প্রচারণার ঘাটতি যে বড় প্রভাব ফেলছে, তা স্বীকার করছেন সিনেমা সংশ্লিষ্টরাও।

পপির ঘনিষ্ঠজনদের মতে, আপাতত পরিবার নিয়েই সময় কাটাতে চান এই অভিনেত্রী এবং চলচ্চিত্রে ফেরার পরিকল্পনা তার নেই। ফলে দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শকের সামনে ফিরলেন না এক সময়ের জনপ্রিয় এই নায়িকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme