অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

file photo

দীর্ঘ আট বছর প্রেমের পর চার হাত এক করলেন ভারতীয় সিনেমার আলোচিত দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

জানা যায়, এদিন সকাল ও দুপুরে পৃথক দুই রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা যুগল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাদের এই বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়।

নবদম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বারের মতো সাতপাকে বাধা পড়েন দুজন।

বিয়ের আগেও ভেন্যুতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীতের আসরে এই জুটি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর গানে নাচতে দেখা যায় বিজয়-রাশমিকাকে। এছাড়া ‘পুষ্পা’ সিনেমার ভাইরাল গান ‘পিলিংস’-এর তালে অতিথিরাও নাচে অংশ নেন। এদিন পুরো ভেন্যু সাজানো হয় গোলাপি গোলাপের পাপড়ি ও গাঁদা ফুলের নান্দনিক কারুকার্যে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের ভোজেও ছিল আদ্যোপান্ত দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া। অতিথিদের কলাপাতায় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

খাবারের তালিকায় ছিল হায়দ্রাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের বিশেষ মুরগির পদ ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া এবং কর্ণাটকের বিখ্যাত ‘পান্ডি কারি’। মিষ্টি হিসেবে ছিল মহীশূর পাক। ডাবের পানি দিয়ে অতিথিদের ভেন্যুতে স্বাগত জানানো হয়।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য সহ শোবিজ থেকে নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবং এশা রেব্বার মতো তারকারা উপস্থিত ছিলেন। তবে বিজয়-রাশমিকার কেউই এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme