জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়ার আতোয়ার হোসেনের ছেলে নাদিম ও একই উপজেলার নাকুলগাছি গ্রামের মোবারক হোসেনের ছেলে সোহেল রানা। গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা বিভিন্ন থানায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিন পেশাদার চোরকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিরহাট এলাকা থেকে একটি কালো রঙের ‘ডিসকভার ১১০ সিসি’ এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের ‘এপাসি আরটিআর ১৫০ সিসি’ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।
Leave a Reply