অর্থনীতি ডেস্ক:
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। শুক্রবার কার্যদিবস শেষে প্রতি আউন্সের দর ২০০০ ডলারের নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য আরও হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে আগামী মার্চে ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় ফিকে হয়ে গেছে। এই প্রেক্ষাপটে ডলারের তেজ বেড়েছে। সঙ্গত কারণে বুলিয়ন বাজার চাপে পড়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০০০ ডলার ৪৯ সেন্টে। একপর্যায়ে যা ১৯৯৪ ডলার ৪৯ সেন্টে নেমে গিয়েছিল। দিনের শুরুতে তা ছিল ২০৩১ ডলার ৩১ সেন্ট। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৪ ডলার ৫০ সেন্টে। দিনের সূচনাতে যা ছিল ২০৪৮ ডলারে।
Leave a Reply