জ্বালাও-পোড়াও যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালাও-পোড়াও যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও পােড়াও যারা করেছে ও হুকুম দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। রোববার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি জানে শুধু জ্বালাও-পোড়াও। তারা বাসে, গাড়িতে, লঞ্চে, রেলে আগুন দিয়েছে। এর আগে ২০১৩, ১৪ ও ১৫ সালেও এসব করেছে, এখন আবার এই নির্বাচন ঠেকাতেও করেছে।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে। বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলেও দেশের মানুষ তা হতে দেয়নি। ৭ জানুয়ারি জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে।

তিনি বলেন, জঙ্গিবাদ বাংলা ভাই সৃষ্টি করে বিএনপি জনগণের শান্তি ছিনিয়ে নিয়েছিল। নির্বাচন যেন কোনোভাবে  হতে না পারে এটাই ছিল বিএনপির আসল চক্রান্ত। ভোট চুরির অপরাধে বেগম খালেদা জিয়াকে নাকে খত দিয়ে বিদায় নিতে হয়েছিল।

ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাটি ও মানুষের এ দেশ গড়বো। এ দেশের উন্নয়ন তখনই হয়েছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নতি হয় না, আমাদের দেশের জন্য সেটি প্রমাণিত সত্য।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme