অনলাইন ডেস্ক:
যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সোমবার (২২ জানুয়ারি) এ বিষয়ক দুটি মামলার রায় দেওয়া হয়েছে। আজ (২৪ জানুয়ারি) বিষয়টি প্রকাশিত হয়েছে।
বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ২০২২ সালে প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে বেশ কয়েকটি মামলা করেছিল। এর মধ্যে দুটির শুনানি দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার আদেশ দেয় কমিশন।
রায় আনুযায়ী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ প্রতিযোগিতা কমিশনে জমা দিতে হবে। তা না হলে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা বাড়বে।
এ ব্যাপারে প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান বলেন, যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরাধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন ২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিযোগিতা আইনের ১৫ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, গুদামজাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত এমন কোনো চুক্তিতে বা ষড়যন্ত্রমূলক যোগসাজশে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না, যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে বা বিস্তারের কারণ ঘটায়, কিংবা বাজারে মনোপলি অথবা ওলিগোপলি অবস্থার সৃষ্টি করে।
Leave a Reply