অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ আগামী ৯ মার্চ কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এদিন রওশনপন্থিদের সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাও যোগ দিয়েছেন।
লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ পার্টির দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি।’
রওশন বলেন, ‘কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলাসহ পার্টির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদ-ভক্ত সর্বস্তরের অগণিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।’
রওশন এরশাদ আরও বলেন, ‘আমরা দেশে সুষ্ঠু গণতন্ত্র এবং অর্থনৈতিক ভীত শক্তিশালী করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে—সময়মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছি।’
Leave a Reply