অনলাইন ডেস্ক:
ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ এখন বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে।সব ঠিক থাকলে আগামী সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় বহির্নোঙরে প্রবেশ করবে। এখানে দুদিন পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভেড়ার কথা রয়েছে; সেখানে বাকি পণ্য খালাস করা হবে।
শনিবার দুপুরে এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছেছে। এখন বাংলাদেশ অভিমুখে চলছে। আগামী সোমবার বিকেল নাগাদ জাহাজটি কুতুবদিয়া পৌঁছাতে পারে। সেখানে কিছু পণ্য খালাস করবে। এতে দুই দিন সময় লাগতে পারে। তারপর চট্টগ্রাম বন্দরে আসবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বাকি পণ্য খালাস করবে।
এরপর সেখানে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাসহ কিছু আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে বলেও জানান কবির গ্রুপের (কেএসআরএম) এই কর্মকর্তা। মেরিটাইম ট্রাফিকের ওয়েবসাইটে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছার সম্ভাব্য সময় দেখানো হচ্ছে ১৪ মে।
Leave a Reply