জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আমি বিক্রি হয়ে যাওয়ার মতো মানুষ নই। ইউটিউবে কেউ একজন প্রচার করেছে, আমি নাকি বিক্রি হয়ে গেছি। এই কথাটা আমাকে আহত করেছে।
তিনি বলেন, চাকরি জীবনে আমার অনেক পাওনা নিইনি নীতির প্রশ্নে। চাকরিজীবনে আমার জন্য বরাদ্দের প্রয়োজনীয় অংশটুকু নিয়েছি। কোনো ট্যুরে আমার সঙ্গে আমার পরিবার গেলে তাদের থাকা-খাওয়ার বিল আমি ব্যক্তিগত ভাবে পরিশোধ করেছি।
তিনি আরও বলেন, আমি একবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছি, আরেকবার মন্ত্রিত্ব নিইনি। অর্থ বা ক্ষমতার জন্য আমি বিক্রি হতে পারি না।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী এ সময় উপস্থিত ছিলেন।
জি এম কাদের বলেন, ২৫ বছর চাকরি করেছি, চাকরির শেষ ১০ বছর আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। এর মধ্যে শেষের দুই বছর আমার হাতে দেশের সম্পূর্ণ পেট্রোলিয়াম দ্রব্য ক্রয় করা হতো। অবৈধ টাকা-পয়সার অর্জনের সুযোগ ছিল আমার, আমি কখনোই করিনি। ২৮ বছরের রাজনীতিতে ২০ বছর এমপি, পাঁচ বছরে দুটি মন্ত্রণালয় চালিয়েছি। আমি বিক্রি হওয়ার লোক নই, আমি দল এবং দেশ ও জাতির কথা চিন্তা করি।
Leave a Reply