নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির মাঝেই আকস্মিক রাজধানীর সরকারি দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার (১০ এপ্রিল) হঠাৎই শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসানও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী নিজে ওই সময় রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে ছুটির সময় চিকিৎসা সেবা নিয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
একপর্যায়ে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। একই সময় তাদের খোঁজ-খবর নেয়ার জন্য ও ঈদের ছুটিতে খাবারের ব্যবস্থা করার জন্য কর্তব্যরত চিকিৎসক-নার্সরা মন্ত্রীকে ধন্যবাদ জানান।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এই সফরের সময় দুই হাসপাতালের দায়িত্বরত পরিচালক ছাড়াও কর্তব্যরত অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
Leave a Reply