নিউজ ডেস্ক:
কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে। বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই। সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এরপর সেখানে বিএনপি-জামায়াত ঢুকেছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সরকার যে কোটা বাতিল করেছিল, সেটি অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। হাইকোর্ট রায় দিলেন সরকারের বিরুদ্ধে। আবার আন্দোলনও হচ্ছে সরকারের বিরুদ্ধে। বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই। এটি জানার পরও যারা আন্দোলন করছে, দুরভিসন্ধিমূলকভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করছে। এরপর সেখানে বিএনপি-জামায়াত ঢুকেছে। কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনো সক্রিয়। এটি মানুষ বোঝে। তারা নির্বাচনের আগে সক্রিয় ছিল। বিএনপি-জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে দেশের নির্বাচন পণ্ড করার অপচেষ্টা চালিয়েছিল। নির্বাচনের পরেও সরকার যেন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য না হয়, সেজন্য তারা সক্রিয় ছিল। সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়ে সক্রিয় হয়েছে দেশে একটি গণ্ডগোল পাকানোর জন্য। বিএনপি-জামায়াতের যেমন আন্দোলন করার কোনো ক্ষমতা নেই, ওয়ান ইলেভেনের কুশীলবদের জনগণের কাছে যাওয়ারও কোনো ক্ষমতা নেই।
Leave a Reply