টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

আগামী আগস্টে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে বৃহস্পতিবার এক দিনের ছুটি সমন্বয় করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পাবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে জরুরি ও জনসেবামূলক বিভিন্ন খাত এ ছুটির আওতার বাইরে থাকবে।

ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবাসহ প্রয়োজনীয় সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে। একইভাবে হাসপাতাল, স্বাস্থ্যসেবা খাতের কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীরাও দায়িত্ব পালন করবেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ ও নিম্ন আদালতের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রতি বছর সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে অনেক চাকরিজীবী দীর্ঘ অবকাশের পরিকল্পনা করেন। এবারও একই ধরনের সুযোগ তৈরি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। তবে চূড়ান্তভাবে ছুটির তারিখ নির্ভর করবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর চাঁদ দেখার ওপর।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme