আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। এবার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মনোনয়পত্র কিনেছেন শোবিজের প্রায় ডজনখানের তারকা। এবার নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানও অংশ নেবেন বলে খবর রটেছিল। তবে সে ধারণাকে পাল্টে দিয়ে নিজ কাজ নিয়েই ব্যস্ত আছেন এই চিত্রনায়ক।
জায়েদ খানের কথায়, ‘ইচ্ছে করেই আমি এবার মনোনয়নপত্র কিনিনি। কারণ, দুই কাজ এক সঙ্গে হয় না। আমাকে সংসদ সদস্য হিসেবে বিবেচনা করলে প্রধানমন্ত্রীর নির্দেশ এমনিতেই আসবে। তিনি যখন মনে করবেন, আমি তখন মনোনয়নপত্র কিনব। এখন নয়।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শিল্পীদের পছন্দ করেন। তিনি সংস্কৃতিমনা মানুষ। শিল্পীদের কাছে পেলেই আপন করে নিয়ে কথা বলেন। আর এতে করেই অনেক শিল্পী ভেবে নিয়েছেন প্রধানমন্ত্রী তাকে এমপি বানাবেন। সেই ভাবনা থেকেই হয়তোবা তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
জায়েদ খান মনে করেন, যারা দলটির সক্রিয় কর্মী ও দুঃসময়ে পাশে ছিল তাদেরই অগ্রাধিকার সবার আগে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা রাজপথে সক্রিয় ও আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিল তাদের গুরুত্ব সবার আগে। কিন্তু দেখেন, এবার যারা মনোনয়নপত্র নিয়েছে তারা অধিকাংশই বসন্তের কোকিল।’
সঙ্গে যোগ করে তিনি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগ করতাম। তখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল। সেসময় রাজপথে ছিলাম, বহু মার খেয়েছি। আমরা হলাম আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী। রুবেল ভাই, সোহেল রানা ভাইও রাজপথের লোক। তারা আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে ছিলেন।’
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিমলা (ঝিনাইদহ-১), চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩), সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী (ফেনী-৩), অভিনেতা ড্যানি সিডাক (ঢাকা-১০), সিদ্দিকুর রহমান সিদ্দিক (ঢাকা ১৭ ও টাঙ্গাইল-১), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), গায়িকা মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), গায়ক এসডি রুবেল (ঢাকা-৮), গীতিকবি সুজন হাজং (নেত্রকোনা-১) আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।
Leave a Reply