বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন গতবছর মা হয়েছেন। আর এরপর তিনি কর্মঘণ্টা নিয়ে কথা বলা শুরু করেন। আর এরপর ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮’র মতো দুইটি বড় বাজেটের সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা পাডুকোন। প্রথম প্রকল্প থেকেই বাদ যাওয়ার পর শুরু হয় বিতর্ক, বিশেষ করে তার ‘৮ ঘণ্টার শিফটে কাজ’ মন্তব্য নিয়ে। পরে ‘কল্কি’র সিক্যুয়েল থেকেও তাকে বাদ দেয়া হলে সেই আলোচনা আরও জোরালো হয়।
সম্প্রতি হারপার্স বাজার ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, কেন তিনি আট ঘণ্টা কাজের পক্ষে মত দিয়েছিলেন এবং কেন বিতর্কের মাঝেও নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি জানান, মাতৃত্বের অভিজ্ঞতা তার জীবন ও কাজের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। দীপিকার ভাষায়, মাতৃত্ব পুরো জীবনটাই পাল্টে দেয়। আগে যে কথাটা শুনতাম‘মা হলেই বুঝবে’ এখন সেটাই সত্যি মনে হয়। কাজ আর মাতৃত্ব একসঙ্গে সামলানো ভীষণ কঠিন। তাই নতুন মায়েদের জন্য আরও সহায়তা জরুরি।
শিল্পীদের জন্য ৮ ঘণ্টার কর্মঘণ্টা কেন যথেষ্ট এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা অতিরিক্ত পরিশ্রমকেই স্বাভাবিক ভেবে নিয়েছি। অতিরিক্ত ক্লান্তিকে প্রতিশ্রুতি মনে করি, যা ঠিক নয়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে তবেই ভালো কাজ করা যায়। ক্লান্ত মানুষকে কখনোই তার সেরাটা দিতে বলা যায় না। তিনি আরও জানান, তার নিজের অফিসেও সপ্তাহে পাঁচ দিন, দিনে আট ঘণ্টা কাজের নিয়ম রয়েছে। এছাড়া পিতৃত্ব–মাতৃত্বকে সমান গুরুত্ব দেয়া হয়। কর্মক্ষেত্রে শিশুদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার বিষয়টিকেও তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে কন্যা দুয়ারের জন্মের পর কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন দীপিকা। তবে কাজে ফিরতেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। দুইটি সিনেমা থেকে বাদ পড়লেও বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত তিনি।
Leave a Reply