বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ার কারণে ক্যারিয়ারে অনেক ভুগতে হয়েছে নেইমার জুনিয়রকে। নানা দোলাচলের পর তারকা এই ফরোয়ার্ড বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও এবার সেই ইনজুরি আবারও ভয় দেখাচ্ছে তাকে। নতুন করে ইনজুরিতে পড়েছেন সান্তোসে খেলা এই তারকা। বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নেইমারের নতুন এই চোটে দুশ্চিন্তা বেড়েছে ব্রাজিল শিবিরে। খবর গোল ডটকমের।
সান্তোস এফসি নিশ্চিত করেছে, নেইমারের ডান পায়ের কাফে (পেশিতে) সামান্য সমস্যা ধরা পড়েছে। মেডিকেল পরীক্ষায় তার কাফে ২ মিলিমিটার ওডেমা শনাক্ত হয়েছে বলে বুধবার জানিয়েছে ক্লাবটির মেডিকেল বিভাগ।
সময়টা মোটেও সুবিধাজনক নয় ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য। ২০২৩ সালে গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি তিনি জাতীয় দলে ফিরেছেন।
ইনজুরির কারণে ইতোমধ্যে সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানাতে সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচ মিস করেছেন নেইমার। এছাড়া গ্রেমিওর বিপক্ষে আসন্ন লিগ ম্যাচেও তার খেলা অনিশ্চিত। এখন ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেয়ার আগে দ্রুত সেরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, ইনজুরিটি গুরুতর নয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জিই’-কে তিনি বলেন, ‘নেইমারের কাফে সামান্য ওডেমা হয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই সে ফিট হয়ে জাতীয় দলে যোগ দিতে পারবে।’
৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে সান্তোসের হয়ে ডিপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে শেষ কোপা সুদামেরিকানার গ্রুপ ম্যাচেও নেইমারের না খেলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে গ্রুপের তলানিতে রয়েছে সান্তোস। যদিও ব্যক্তিগত মেডিকেল দলের সঙ্গেও কাজ করছেন নেইমার।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল পানামা ও মিশর বিপক্ষে ম্যাচ খেলবে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। সব বাধা কাটিয়ে আবারও নেইমার জাতীয় দলের মূল ভরসা হয়ে উঠতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
Leave a Reply