নিউজ ডেস্ক:
শীত বিদায় নিয়ে বেড়েছে তাপমাত্রা। তবে গত ক’দিনে আগেথেকেই দেয়া পূর্বাভাস অনুযায়ী দেশের বেশকিছু অঞ্চলে ঝরেছে বৃষ্টি। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও টাঙ্গাইলে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাজধানীতে সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৮ মিলিমিটার বৃষ্টিপাত ছাড়াও ময়মনসিংহে ৫, বগুড়া ও সিরাজগঞ্জের তাড়াশে ৩, নেত্রকোণা ও রাজশাহীর বাদলগাছীতে ২ মিলিমিটারসহ সিলেট ও কিশোরগঞ্জের নিক্লিতে সামান্য বৃষ্টি ঝরেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরমধ্যে আজ সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
অন্যদিকে, আগামীকাল মঙ্গলবার দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৫ দিনের শেষদিকে দিন-রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আগামী ৩ মার্চ দেশের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
Leave a Reply