অনলাইন ডেস্ক:
নির্বাচন মিস করে বিএনপি এখন অদৃশ্য শক্তির ওপর নির্ভর করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত পরিচ্ছন্নভাবে এগিয়ে যাচ্ছে দেশ। দেশরত্ন শেখ হাসিনার জয়কে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতীম সকল রাষ্ট্র। তারা সরকারের সঙ্গে চলমান সম্পর্ককে আরও দৃঢ় করতে চায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা উপলক্ষে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারে যুগ যুগ ধরেই সংঘাত চলমান। রাখাইনে আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতকে ইস্যু করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দীর্ঘসূত্রতার ইঙ্গিত আসছে। তবে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে সরকারের সঙ্গে যোগাযোগ নিয়মিত রয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের কারণে আমাদের সবদিকেই সমস্যা হচ্ছে। তবে, উখিয়া-টেকনাফের ৩৩টি আশ্রয় ক্যাম্প সীমান্ত থেকে দূরে হওয়ায় রাখাইনের সংঘাতের প্রভাব এখানে পড়ছে না। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হচ্ছে। এরপরও অন্য দেশের বোঝা আমরা দীর্ঘদিন মাথায় নিয়ে থাকতে পারি না। এদের নিয়মতান্ত্রিক পন্থায় প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply