নিউজ ডেস্ক:
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক ভাঙনের। আর এবার বচ্চন পরিবারের দীপাবলির অনুষ্ঠানেও যোগ দেননি ঐশ্বরিয়া।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে বর্তমানে বাবার বাড়িতে আছেন। সেখানেই আরও কিছুদিন থাকবেন বলে জানা গেছে।
তবে ঠিক কী নিয়ে ঐশ্বরিয়া আর অভিষেকের মধ্যে সমস্যা চলছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
অবশ্য বচ্চন পরিবার নিজেদের পারিবারিক কোনো সমস্যা কোনো দিন সামনে আসতে দেয়নি। আর এ কারণেই অভিষেক-অ্যাশের বিচ্ছেদের গুঞ্জনেও কেউ মুখ খোলেননি।
জানা গেছে, অ্যাশ মায়ের কাছে গিয়েছিলেন প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করতে। এর পর থেকে মা বৃন্দা রাইয়ের কাছেই রয়েছেন অ্যাশ।
এদিকে কিছুদিন আগে ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া। আর এবারের জন্মদিনে এ সুন্দরীকে বচ্চন পরিবারের কাউকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। অবশ্য স্বামী অভিষেক শেষে শুভেচ্ছা জানিয়েছিলেন।
অন্যদিকে অমিতাভের ৮০তম জন্মদিনে অ্যাশ তাকে শুভেচ্ছা জানালেও পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দাকে ক্রপ করে ছবি পোস্ট করেন। এ ছাড়া নাতনি আরাধ্যার ১৩তম জন্মদিনে বচ্চন পরিবারের কাউকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু পোস্ট করতে দেখা যায়নি।
Leave a Reply