বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

ফাইল ছবি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ও মূল্য নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিটের উচ্চমূল্য ও বিতর্কিত বিক্রয় পদ্ধতির অভিযোগে এবার সংস্থাটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েন (এফএসএ)।

অভিযোগে বলা হয়েছে, ফুটবল বিশ্বে নিজেদের একচেটিয়া প্রভাব ব্যবহার করে বিশ্বকাপের টিকিটের মূল্য নির্ধারণে ক্ষমতার অপব্যবহার করেছে ফিফা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের অংশগ্রহণে এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর।

এবার অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল সংস্থাকে মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয় ফিফা, যাতে তারা নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করতে পারে। তবে অভিযোগ উঠেছে, এসব টিকিটের দাম অনেক ক্ষেত্রে ফিফা ঘোষিত মূল্যের চেয়েও বেশি রাখা হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

সমর্থকদের বিভিন্ন সংগঠন ফিফাকে ‘প্রতারণার’ অভিযোগে অভিযুক্ত করে। সমালোচনা কমাতে গত ডিসেম্বর কিছু টিকিটের মূল্য কমিয়ে ৬০ ডলার নির্ধারণ করা হয়।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি, যার ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করবে। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপেও এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।

এফএসএ ও ইউরোকনজিউমার্স ইউরোপীয় কমিশনের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে জানিয়েছে, টিকিটের উচ্চমূল্য, অস্বচ্ছ বিক্রয় ব্যবস্থা এবং ইউরোপীয় সমর্থকদের জন্য বৈষম্যমূলক শর্ত আরোপ করে ফিফা তাদের প্রভাব খাটিয়েছে।

আগামী এপ্রিল মাসে বিশ্বকাপের টিকিট বিক্রির আরেকটি ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সমর্থক সংগঠনগুলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme