নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে বিগত তিন মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে জ্বালানি তেলের দাম। বুধবার (৮ নভেম্বর) অপরিশোধিত তেলের দাম ২ শতাংশেরও বেশি নেমে যায়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার উদ্বেগ বিরাজ করছে। এতে বুধবার (৮ নভেম্বর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশেরও বেশি কমে গেছে। ফলে বর্তমানে বিগত তিন মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে দাম।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক শূন্য ৭ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ৫৪ ডলারে নামে। এছাড়া ইউএস ক্রুডের দাম ২ দশমিক শূন্য ৪ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ কমে নেমেছে ৭৫ দশমিক ৩৩ ডলারে।
ফলে জ্বালানি তেলের উভয় বেঞ্চমার্কের দামই জুলাইয়ের মাঝামাঝির দামের তুলনায় সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
অপরিশোধিত তেলের সরবরাহের বিষয়ে আইএনজি বিশ্লেষক ওয়ারেন প্যাটারসন এবং ইওয়া ম্যান্থে এক নোটে জানিয়েছে, ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নিয়ে বাজারে যে ততটা উদ্বেগ নেই, তা বেশ পরিস্কার।’
এছাড়া মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যানের বরাতে বাজার সূত্র জানিয়েছে, দামের ওপর ভর করে মার্কিন অপরিশোধিত তেলের মজুত গত সপ্তাহে প্রায় ১২ মিলিয়ন ব্যারেল বেড়েছে। এটা সম্ভবত গত ফেব্রুয়ারির পর সবচেয়ে বেশি।
Leave a Reply