বৃষ্টি কবে জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি কবে জানাল আবহাওয়া অফিস

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:


চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ ৫৮ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এরই মধ্যে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ১৮ মের পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টি হবে।

বৃহস্পতিবার তাপমাত্রা বাড়ায় সকাল থেকেই অত্যধিক গরম অনুভব করছেন রাজধানীসহ এসব জেলার মানুষ। তীব্র গরম আর ঘামে নাস্তানাবুদ অবস্থা সবার। বেশি বিপাকে পড়েছেন সাধারণ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা।

তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বৃষ্টির খবর জানিয়েছেন। তিনি জানান, ‘বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে আশা করছি, তাপদাহ মৃদু থেকে মাঝারি অবস্থায় থাকবে।’

এ আবহাওয়াবিদ জানান, ‘আগামী ১৮ মের পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টি হবে। পর্যাপ্ত বৃষ্টি হলে তাপদাহ প্রশমিত হবে।’

এদিকে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৭ মে) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।

১৮ মে সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।

১৯ মে সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা (১-২) ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme