অনলাইন ডেস্ক:
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। সাতটি শর্তে ৭৯টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানি করবে। বুধবার এ সংক্রান্ত এক চিঠি অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৭৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। মোট ৭৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলো।
এসব প্রতিষ্ঠানগুলোকে তাদের নামের নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।
রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানির অনুমতি পাওয়া পণ্যের কায়িক পরীক্ষা যথাযথভাবে করতে হবে, প্রতিটি কনসাইনমেন্ট জাহাজীকরণ শেষে রপ্তানি সংক্রান্ত সকল কাগজপত্র ই-মেইল করতে হবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।
জানা গেছে, দুর্গাপূজা সামনে রেখে গত ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে এক আবেদনে ৫ হাজার টন ইলিশের চাহিদার কথা জানায়। পরে ৪ সেপ্টেম্বর সেই আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে আসে।
Leave a Reply