নিউজ ডেস্ক:
জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীল সাথে বৈঠকের জন্য সময় চেয়েছেন জেলেনস্কি। সেজন্য প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিউনিখ সফর’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলেনস্কির সাথে বৈঠকের ফলে রাশিয়া-ইউক্রেন বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন আসছে কিনা-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অবস্থান সবসময় পরিষ্কার। আমাদের অবস্থান হচ্ছে, আমরা সবসময় যুদ্ধের বিরুদ্ধে এবং আমরা চাই, পৃথিবীতে শান্তি ও স্থিতি যেন বিরাজ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের জন্য সময় চেয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছেন। সেখানে যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।
এ বৈঠকের ফলে রাশিয়ার সাথে দূরত্ব তৈরি হবে কিনা-জানতে চাইলে তিনি বলেন, জেলেনস্কির সাথে বৈঠকের প্রেক্ষিতে রাশিয়ার সাথে সম্পর্কে হেরফের হওয়ার প্রশ্নই আসে না। রাশিয়া আমাদের অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। রাশিয়া মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধের পর আমাদের দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি চট্টগ্রামে মাইন অপসারণের সময় রাশিয়ার একজন নাগরিক মৃত্যুবরণ করেন। সুতরাং রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের সময় যে সম্পর্কের বন্ধনে, আমরা আবদ্ধ হয়েছি, সেই বন্ধন অনেক দৃঢ়। সুতরাং রাশিয়ার সাথে সম্পর্কের হেরফের হওয়ার প্রশ্নই আসে না। বন্ধুপ্রতীম দেশ রাশিয়ার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এ বৈঠকে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কতজন হবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেলিগেশন সংখ্যা আমি এখনও জানি না, তবে এটির আকার ছোট হবে কারণ প্রধানমন্ত্রী কমার্সিয়াল ফ্লাইটে যাবেন।
Leave a Reply