রাতারাতি পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

রাতারাতি পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


নিজেদের দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দেয়। ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা পার না-হতেই এক লাফে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৬৫ টাকা। সঙ্গে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। ধারণা করা হচ্ছে ২৫০ টাকা পর্যন্ত উঠতে পারে দাম।

শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ ১৭০ টাকা এবং দেশি পেঁয়াজ ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১৮০ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে পাড়ার দোকানগুলোতে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি। এ ছাড়াও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। তবে শুক্রবার সন্ধ্যার পর পেঁয়াজের দামে ভেলকি দেখান বিক্রেতারা।

রাজধানীর হাতিরপুল বাজারে কথা হয় ক্রেতা ফারুক মিয়ার সঙ্গে। তিনি জানান, গতকালও (শুক্রবার) ভারতীয় পেঁয়াজ ১৩০ টাকা ছিল, আজকে সেই পেঁয়াজ ১৮০ থেকে ১৯০ টাকা। আরেক ক্রেতা আজাদ হোসেন জানান, নতুন পেঁয়াজ বাজারে আসবে এবং দাম কমবে, এ জন্য আগেভাগে পেঁয়াজ কিনেও রাখিনি। এখন যে অবস্থা, তাতে তো মহামুশকিল। খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, পাইকারি ব্যবসায়ীরা রাতারাতি একযোগে দাম বাড়িয়ে দেওয়ার কারণে বাজারে প্রভাব পড়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে অসময়ের বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হওয়ায় ভারতে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ক্রিসিল এমআইঅ্যান্ডএ রিসার্চের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ভারতে পেঁয়াজের দাম নভেম্বরে ৫৮ শতাংশ বেড়েছে। এতে বেড়েছে খাবারের দামও।

এ পরিস্থিতিতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটির সরকার। তবে এর আগে দাম স্থিতিশীল রেখে স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে গত ২৯ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টনে ৮০০ ডলার আরোপ করা হয়েছিল।

এদিকে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করা যাবে বলে জানিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। বলা হয়, কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট দেশের আবেদনের ভিত্তিতে অনুমোদন মিললে তবেই হবে রপ্তানি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme