অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঘূর্ণিঝড় রিমালে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে—তা নির্মাণ করে দেবে সরকার। ইতিমধ্যে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হয়েছে। আগামীতে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই যেন কাজ করা হয়, তার নির্দেশনা প্রদান করা হয়েছে। মানুষ নৌকায় ভোট দিয়েছে। এই ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই আজকে দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। ধারাবাহিকভাবে গনতন্ত্র আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।’
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজ মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘এবারের জলোচ্ছ্বাস ছিল অত্যন্ত ভয়ংকর। আমি মানুষকে ধন্যবাদ জানাই, তারা মুজিব কিল্লাসহ আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমরা চাই দুর্যোগ থেকে যেন এ অঞ্চলের মানুষ মুক্তি পায়। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাস্তুহারা মানুষের বাড়িঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। দুর্যোগসহনীয় এ সকল ঘর এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি।’
আগামীতে কোনো মানুষ গৃহহীন থাকবে না ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রিমাল যখন আঘাত হানে, তথন মাঠে কোন ধান ছিল না। তারপরও কৃষকরা যাতে আবার ঘুরে দাড়াতে পারে, তার জন্য কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হবে।’
সরকারপ্রধান বলেন, ‘এর আগে অনেক সরকার ক্ষমতায় ছিল, কিন্তু দক্ষিণাঞ্চলের উন্নয়ন কোনো সরকার কাজ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই আবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। দক্ষিণাঞ্চলের জন্য সেনানিবাস, নৌঘাঁটি, রাডার স্টেশন, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র এবং নতুন একটি বন্দর নির্মাণ করে করে দেওয়া হয়েছে। নদী ড্রেজিং করে বন্দর চালু রাখা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য যা যা দরকার, তার কিছু সরকার করেছে।’
Leave a Reply