আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান। তার অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স’–এর প্রথম ঝলক বা টিজার প্রকাশ পাচ্ছে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায়।
সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড–এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি উন্মুক্ত করা হবে।
‘প্রিন্স’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। নতুন লুকে শাকিব খান এবং পোস্টারের রহস্যময় আবহ দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়।
নির্মাতা জানান, সিনেমাটির গল্পের পটভূমি গড়ে উঠেছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড এবং আভিজাত্যের মিশেলে। প্রযুক্তিগত দিক থেকেও ছবিটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যামেরার দায়িত্বে রয়েছেন ভারতের আলোচিত সিনেমাটোগ্রাফার অমিত রায়, যিনি অ্যানিম্যাল চলচ্চিত্রের কাজের জন্য পরিচিত।
চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দুই অভিনেত্রী। তাদের একজন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং অন্যজন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ীকে।
সব মিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত ‘প্রিন্স’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই বেশ প্রত্যাশা তৈরি হয়েছে। টিজার প্রকাশের ঘোষণার পর সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply