সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস

সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস

প্রতিকী ছবি

বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। মঙ্গলবার(২০ জানুয়ারি) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুর দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়। লেনদেনের এক পর্যায়ে তা ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলারে উঠে সর্বকালের সর্বোচ্চ রেকর্ডের নতুন নজির স্থাপন করে।

আন্তর্জাতিক বাজারে ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যিক অবস্থান ও ইউরোপীয় দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে বিনিয়োগকারীরা এখন সোনা ও রুপাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কেবল সোনাই নয় বরং রুপার দামও পাল্লা দিয়ে বাড়ছে যা লেনদেনের শুরুতে রেকর্ড ৯৪ দশমিক ৭২ ডলারে পৌঁছেছিল। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের ‘বিঘ্নকারী’ নীতি এবং ফেডারেল রিজার্ভের ওপর তার হস্তক্ষেপের চেষ্টা বিশ্ববাজারে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে যা সরাসরি সোনার বাজারে বাড়তি গতি জুগিয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, ট্রাম্পের প্রথাগত রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে নেওয়া সিদ্ধান্তগুলো মূল্যবান ধাতুর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন সুপ্রিম কোর্টে ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত সংক্রান্ত মামলার শুনানি নিয়ে উদ্বেগও সোনার দামে ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও ট্রাম্প বারবার সুদের হার কমানোর আহ্বান জানাচ্ছেন, তবে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের বৈঠকে হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। সাধারণত অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকটের সময় সোনার মতো সম্পদের চাহিদা ও দাম হু হু করে বাড়তে থাকে।

সোনার দাম আকাশচুম্বী হলেও অন্যান্য ধাতু যেমন প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বিশ্ববাজারে কিছুটা কমেছে। নিরাপদ বিনিয়োগের প্রধান মাধ্যম হিসেবে এখন বিশ্বজুড়ে কেবল সোনার জয়জয়কার চলছে যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme