অনলাইন ডেস্ক:
নিজের দায়িত্ব পালন না করে সরকারের সমালোচনা করা বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, নিজের দায়িত্ব পালন না করে, সরকারের সমালোচনা ও বিরোধিতা করা বিএনপি নেতাদের অভ্যাসে পরিণত হয়েছে।
‘দেশে আইনের শাসন না থাকায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানী লালমাটিয়া মহিলা স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে উল্টো বিএনপির সমালোচনা করে মন্ত্রী নানক বলেন, দেখেন এত বড় একটি আগুন হলো।
তারা কি তাদের দায়িত্ব পালন করেছে? করেনি। তারা ঘটনাস্থলে ছুটে যায়নি। বিএনপি এখন পর্যন্ত যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, সেখানে বিএনপির কেউ যাননি। যারা নিহত হয়েছে, তাদের প্রতি বিএনপি কোনো সহানুভূতিও জানায়নি।
আসলে বিএনপি একটি সূত্র বের করে আর সেই সূত্র উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা সব দায়দায়িত্ব এড়িয়ে যেতে চায়। এরা আসলে দায়িত্বহীন একটি রাজনৈতিক দল। তাই বিএনপি কী বলছে, তাতে মানুষের আর দৃষ্টি নেই।সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি থেকে দেশের মানুষ দৃষ্টি সরিয়ে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের মানুষ হত্যার রাজনীতির জন্য মানুষ আসলে তাদের কাছ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে।
Leave a Reply