অনলাইন ডেস্ক:
আগামীকাল সোমবার থেকে পরবর্তী সাতদিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড়-বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলেও। তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
টানা এক মাসের তাপপ্রবাহের রেশ এখনো চলছে। তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। চার বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে আগামীকাল তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
তাপপ্রবাহের পর আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার সন্ধ্যায় তিনদিনের (৭২ ঘণ্টা) জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Leave a Reply