সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয়ে ৬ থেকে ৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করছে সৌদি।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রী মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং সেখানে আছরের নামাজের পর ফাতেহা পাঠ করবেন। ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন তিনি। এশার নামাজের পর মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন শেখ হাসিনা। আগামী ৬ নভেম্বর সম্মেলনে যোগ ও ভাষণ দেবেন সরকার প্রধান।

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনে যোগদান ছাড়াও ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

শেখ হাসিনা ৭ নভেম্বর মক্কার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। সেখানে মসজিদুল হারামে (কাবা শরীফ) নামাজ আদায় করবেন তিনি। ওই দিন সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আগামী ৮ নভেম্বর সকাল ৮টায় ফ্লাইটটির ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme