স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে ডেঙ্গুতে যাতে মানুষ মারা না যায়, সেই ব্যবস্থা করতে হবে। ডেঙ্গুর চিকিৎসায় আমি কড়া নির্দেশ দিয়েছি, যাতে স্যালাইনের ঘাটতি না হয়। স্যালাইনের দামও বাড়ানো যাবে না। হাসপাতালে যেন পর্যাপ্ত বেড থাকে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গুর প্রস্তুতি নিয়ে ইউএইচসি ফোরাম ও ব্র্যাক আয়োজিত এক পরামর্শক সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিবিড় পর্যবেক্ষণ করতে হবে। খালি এখানে বক্তৃতা দিয়ে চলে গেলাম, তারপর ভুলে গেলাম, সেটা করলে চলবে না। আমাকে কাজ করতে হবে, কথা কম কাজ বেশি।
ঢাকার বাইরেও ডেঙ্গুর ভালো চিকিৎসা আছে উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, চিকিৎসায় কোনো ঘাটতি হবে কিংবা চিকিৎসা জানে না- এমন আর হবে না। ভালো চিকিৎসা ঢাকার বাইরেও হবে, ঢাকার ভেতরেও হবে। এতে কোনো সন্দেহ নাই।
তিনি বলেন, জ্বর এলে আমরা যদি সঙ্গে সঙ্গে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হই, তাহলে ভালো চিকিৎসা এবং সুচিকিৎসা পাওয়া যাবে। ডেঙ্গুর চিকিৎসা নিয়ে আমি বিশ্বাস করি, একেবারে উপজেলা পর্যায়ে চিকিৎসক যারা আছেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত।
Leave a Reply