অনলাইন ডেস্ক:
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা ডিবি পুলিশ। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন
বনানী থানার আদালতে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
এর আগে উপনির্বাচনের দিন (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ (২৫)।
Leave a Reply