সারাদেশের ছয়টি বিভাগের অনেক জায়গায় এবং দুটি বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই মুহূর্তে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে।
দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানান তিনি।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Leave a Reply