অনলাইন ডেস্ক:
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাত থেকেই ঢাকায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আজিজুর রহমান বলেন, ‘রিমালের প্রভাবে সারাদেশেই কম বেশি বৃষ্টি হবে। ঢাকাতেও আজ রাতে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না।’
রিমালের অগ্রভাগ উপকূলে চলে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এটির অগ্রভাগ এখন বাংলাদেশ উপকূলে। এর কেন্দ্রভাগ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ভালোভাবে বোঝা যাবে। এটা আগামীকাল সোমবার আরও ভালোভাবে বোঝা যাবে।’
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই আগাচ্ছে। এর গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার কোথাও কোথাও দমকা হাওয়া হিসেবে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’
ইতোমধ্যে কয়েকটি জায়গায় বাতাসের গতিবেগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘পটুয়াখালীতে দুপুরে ৭২ কিলোমিটার গতিবেগ ও মোংলাতে ৫৭ কিলোমিটার রেকর্ড করা হয়।’
আজিজুর রহমান আরও বলেন, ‘রিমালের কেন্দ্রস্থল ওপরে উঠে যাওয়ার পরেও, নিচের অংশ পার হতে মধ্যরাত সময় লাগবে। দুপুরে অগ্রভাগ, সন্ধ্যায় কেন্দ্রভাগ ও রাতে নিম্নভাগ অতিক্রম করে ঝড় শেষ হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।
Leave a Reply