নিউজ ডেস্ক:
তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার তিনি শপথ গ্রহণ করতে পারেন। আজ সকালে একটি সূত্র এনডিটিভিকে এই তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর মোদিই হতে যাচ্ছেন ভারতের একমাত্র নেতা যিনি টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
২০১৪ সালের নির্বাচনে ২৮২টি আসন পেয়েছিল মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর ২০১৯ সালে পেয়েছিল ৩০৩টি আসন। এবার ২৪০টি আসন জিতেছে দলটি, যেখানে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলের ২৭২টি আসন প্রয়োজন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মোদির দল সরকার গঠনের জন্য এখন এনডিএ জোটের ওপর নির্ভরশীল।
উত্তরপ্রদেশের বারাণসীতে লোকসভা আসন ধরে রেখেছেন মোদি। দেড় লাখেরও কম ভোটে কংগ্রেসের অজয় রায়কে পরাজিত করে এই আসনে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি।
এবারের নির্বাচনে বিজেপি ৩৭০টি আসন এবং বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৪টিরও বেশি আসন পাবে এমন একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছিলেন মোদি। তবে বিরোধী জোট কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ তাদের সে লক্ষমাত্রা পূরণের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। গত দুই নির্বাচনে মুখ থুবড়ে পড়া কংগ্রেস এবার অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের এই ভালোবাসার জন্য জনগণের কাছে আমার প্রণাম। আমি আশ্বস্ত করছি, জনগণের আশা-আকাঙ্খা পূরণে গত দশকে করা ভালো কাজগুলো আমরা অব্যাহত রাখব।’
Leave a Reply