সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল

সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল

নিউজ ডেস্ক:


সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানের করা এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন।

এদিকে, হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে আজ বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভের ডাক এবং সারাদেশে শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বানও জানিয়েছেন।

দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, নবম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই সব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো। এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি বলেন, পুরো কোটা প্রথা বাতিল না করে শুধু নবম থেকে ১৩তম গ্রেডের কোটা বাতিল করা হয়েছিল। এটা আজ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এখন থেকে এসব গ্রেডে কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানের নিয়োগে আর বাধা নেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা রহিত করা অপমানজনক। কোটা পদ্ধতি বাতিল করার কারণে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটাব্যবস্থার মাধ্যমে শুধু নিম্ন পদে চাকরির সুযোগ পেতেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme