স্থগিত ১৯ উপজেলায় ভোট রবিবার

স্থগিত ১৯ উপজেলায় ভোট রবিবার

নিউজ ডেস্ক:


ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া দেশের ১৯ উপজেলা পরিষদে ভোটগ্রহণ আগামী রবিবার অনুষ্ঠিত হবে।ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম জানান, এই ১৯টি উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচনী এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব নির্বাচন স্থগিত করেছিল কমিশন। ওই এলাকা নির্বাচন উপযোগী হওয়ায় আগামী রবিবার ভোট নেওয়া হবে।

তিনি আরও জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় ব্যালট পেপারে ভোট হবে।

ইসি জানায়, ১৯ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। এসব উপজেলায় কেন্দ্র রয়েছে ১ হাজার ১৮১টি ও ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।

ইসি আরও জানিয়েছে, ১৭৯টি কেন্দ্রে শনিবার ব্যালট পৌঁছেছে। রবিবার ভোরে ১ হাজার ২টি কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।

যেসব উপজেলায় ভোট: নেত্রকোনার খালিয়াজুরী; বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme