নিউজ ডেস্ক:
মানবিক সহায়তার ছদ্মবেশে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রকৃত সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার ঢাকার একটি হোটেলে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট-৩১৫ বাংলাদেশের ৩৭তম বার্ষিক কনভেনশনে ব্যক্তিস্বার্থের জন্য সহায়তার অপব্যবহারের কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘আজকাল কিছু ভুয়া সংগঠন মানবিক সেবার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং এটাকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’
সরকারের উন্নয়ন উদ্যোগে লায়ন্স ক্লাবের সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশকে এগিয়ে নিতে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপও করেন তিনি বলেন, ‘বেসরকারি সেবা সংস্থা হিসেবে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও অবদান রাখতে পারে।’
বাংলাদেশ ও বিশ্বব্যাপী সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লায়ন্স ক্লাবের প্রশংসা করেন রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা (লায়ন্স) গরিব ও অসহায়দের সহায়তা করতে পারেন, দুস্থদের পুনর্বাসন করতে পারেন, শিক্ষা উপকরণ সরবরাহ করতে পারেন, মানুষকে সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান ও অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।’
Leave a Reply