চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার। বুবলী অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’ ঈদে মুক্তি পেয়েছিল। কিন্তু এই ছবিটি দর্শক টানতে একেবারেই ব্যর্থ হয়েছে। মো. ইকবাল পরিচালিত ব্যবসায়িকভাবে ছবিটি মুখ থুবড়ে পড়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান।
ছবিটি দর্শক টানতে ব্যর্থ হওয়ায় পরিচালক মো. ইকবাল তার নতুন সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দিয়েছেন বুবলীকে। যদিও এই ছবিটির ৪০ ভাগ শুটিং শেষ করেছিলেন বুবলী। তবুও তাকে বাদ দেওয়া হলো। ইকবাল গণমাধ্যমে বক্তব্য দিয়ে সিনেমা থেকে বাদ দিয়েছেন এই নায়িকাকে। এরপর বুবলীও গণমাধ্যমে জানিয়েছিলেন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
এবার আরও এক সিনেমা থেকে বাদ দেওয়া হলো বুবলীকে। ৭০ ভাগ কাজ শেষ হওয়া সত্ত্বেও এই ছবিটি থেকে বুবলীকে বাদ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই ছবির পরিচালক জসিম উদ্দিন জাকির। ছবির ‘মায়া-দ্য লাভ ২’। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জসিম উদ্দিন জাকির নিজেই। তিনি জানান, সিনেমাটির ৭০ শতাংশ শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে রোজার ঈদের পর থেকে বুবলীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে জসিম উদ্দিন জাকির গণমাধ্যমকে বলেন, ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমার মাত্র সাত দিনের শুটিং বাকি। তাহলে পুরো সিনেমার কাজ শেষ। তবে ‘মায়া-দ্য লাভ’ মুক্তির সময় থেকে প্রচারণায় পাচ্ছি না বুবলীকে। সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগের দিন তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখি সে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছেন। হঠাৎ আনফ্রেন্ড করার কারণ বুঝতে পারছি না। তবে এ নিয়ে আমার মাথা ব্যথা নেই।
তিনি আরও বলেন, সিনেমার প্রচারণার জন্য তাকে অনেক ফোন করে পাইনি। তারপর বাকি অংশের শুটিংয়ের জন্য অসংখ্যবার ফোন করি। কিন্তু তার সাড়াই পাচ্ছি না। তার জন্য আর অপেক্ষা করতে পারছি না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। বুবলী ছাড়াও আরও কয়েকজন শিল্পী এ সিনেমা থেকে বাদ পড়ছেন।
Leave a Reply