নতুন মোড়কের উয়েফা চ্যাম্পিয়নস লিগে সরাসরি শেষ ষোলোর টিকিট পায়নি শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি। প্লে-অফ পর্ব খেলতে হচ্ছে তাদের। প্লে-অফের ড্র আবার সাবেক ও বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি করে দিয়েছে। শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।
ইতিহাদ স্টেডিয়ামে গিয়ে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আজ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে হার ঠেকালেই চলবে তাদের। তবে জয়ের বিকল্প নেই পেপ গার্দিওলার সিটির। আজ (বুধবার) রাতে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে এই লড়াই। বার্নাব্যুতে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একবারই জিতেছে সিটি। আর সেটি ২০২০ সালে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে। হেরেছে ৩ ম্যাচ ও বাকি ২ ম্যাচ ড্র করেছে।
রাতে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগের আরও তিনটি ম্যাচ রয়েছে। বরুসিয়া ডর্টমুন্ড মোকাবিলা করবে স্পোর্টিং লিসবনকে। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে খেলতে নামবে ডর্টমুন্ড। অন্য ম্যাচে জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছিল পিএসভি আইন্দোফেইনকে। এবার ডাচ্ ক্লাবটি স্বাগত জানাবে জুভদের।
ওদিকে ফরাসি দুই ক্লাব পিএসজি ও ব্রেস্টের ম্যাচ রয়েছে। ম্যাচটা প্রায় নিয়মরক্ষার হয়েই দাঁড়িয়েছে। প্রথম লেগে ৩-০ জিতেছিল প্যারিসিয়ানরা। ফরাসি ক্লাবটিকে টপকে পরের পর্বে যাওয়া ব্রেস্টের জন্য হবে অসাধ্য সাধন।
Leave a Reply