বাংলাদেশ দলে প্রায় একই সময়ে এসেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথম দিকে একে অপরের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন তারা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্বেও মরিচা পড়েছে। শেষ কয়েক বছরের ঘটনাপ্রবাহে তো দুজনকে মনে হয়েছে চরম শত্রু। তবে তামিমের বিপদের সময়ে তার জন্য দোয়া চেয়েছেন সাকিবও।
আজ সাভারের বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছেন তামিম। পরে হাসপাতালে নিয়ে রিং পরানো হয় বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। বর্তমানে অবস্থার একটু উন্নতি হলেও আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে।
তামিমের দুঃসময়ে জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাকে দেখতে গেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার সেরে ওঠার প্রার্থনাও করেছেন অনেকে। দেশের মাটিতে নেই সাকিব। তাই বিদেশে বসেই তামিমের জন্য দোয়া চাইলেন তিনি। একটি গণমাধ্যমকে দেওয়া ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওপর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্যও…এই কঠিন সময় যেন দ্রুত পার হয়ে যেতে পারে।’
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব। যদিও ছাত্র-জনতার সেই অভ্যুত্থানের সময়ও দেশের বাইরে ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে শুধু ব্যাটার হিসেবে তাকে দলে নিতে চায়নি বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ২০২৪ সালের বিশ্বকাপেই শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। যদিও মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে দেশে ফিরতে পারেননি এই অলরাউন্ডার।
Leave a Reply