ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে গত সোমবার নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে ও রিং পরানো হয়।
তামিম বর্তমানে শঙ্কামুক্ত হলেও স্বাভাবিক জীবনে ফিরতে আরো বেশ কিছুদিন লাগবে। এবার দেশ সেরা ওপেনারের দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের বাবর আজম। ২৫ মার্চ রাতে বাবর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো।’ এই লেখার সঙ্গে মোনাজাতের ইমোজিও যুক্ত করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
আরো বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার তামিমের সুস্থতা কামনা করেছেন। যুবরাজ সিং লিখেছিলেন, ‘তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারো ভিন্ন কিছু হবে না। দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’
জিম্বাবুয়ের সিকান্দার রাজা লিখেছিলেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।’
এদিকে ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।’
Leave a Reply