অনলাইন ডেস্ক:
ডেঙ্গু টিকা তৈরিতে আইসিডিডিআরবি চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অডিটোরিয়ামে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আইসিডিডিআরবির ডেঙ্গু টিকার কার্যক্রম চলমান রয়েছে। কিছু দেশে ডেঙ্গু টিকার ভ্যাকসিন তৈরিও হয়েছে, কিন্তু এখনো সেটা তেমনভাবে কার্যকর হয়নি। আমাদের দেশে যে টিকা তৈরি হয়েছে, তার দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল হয়েছে, আরও কয়েকটি পর্যায়ের ট্রায়াল বাকি আছে। যেখানে যেখানে অনুমোদন প্রয়োজন, সেই অনুমোদন সাপেক্ষে, টিকাটি যখন নিরাপদ প্রমাণিত হবে, তখন আমাদের দেশেও ডেঙ্গু টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি বলেন, আইসিডিডিআরবির ডেঙ্গু টিকা তৈরির জন্য, যা কিছু প্রয়োজন, তারা চাইলে আমরা সাহায্য সহযোগিতা করবো। আলোচনার মাধ্যমে আমাদের কাছে সাহায্য চাইলে আমরা অবশ্যই দেবো। আমরা চাই একটি টিকা ডেভেলপ করুক ও সেই টিকা কার্যকর এবং নিরাপদ হোক যেন এ টিকা আমাদের দেশে দিতে পারি।
Leave a Reply