নিউজ ডেস্ক:
ক্যারিয়ারের শেষলগ্নে অবস্থান করছেন পর্তুগাল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স এখন ৩৯, কিন্তু এ বয়সেও দুর্দান্ত রোনালদো। একজন তরুণ খেলোয়াড়েরও রোনালদো মতো এমন পারফরম্যান্স দিতে অনেক বেগ পেতে হবে। অথচ সিআরসেভেন খ্যাত তারকা গোলের পর গোল করে যাচ্ছেন।
সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। যদিও তার এমন ঘোষণাকে অনেকেই উড়িয়ে দিয়েছেন। তবে তিনি যে গতিতে এগুচ্ছেন শেষ পর্যন্ত এমন মাইলফলক স্পর্শ করলেও অবাক হওয়ার মতো কিছু হবে না।
এখন চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্ব। তার দেশ পর্তুগাল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করেছে। বাছাই পর্বে ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন রোনালদো। সবশেষ বসনিয় হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে করেছে জোড়া গোল। যা তাকে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন করেছে। এ বছর তার থেকে বেশি গোল আর কেউ করতে পারেনি।
২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রোনালদোর পেছনে আছে আর্লিং হলান্ড, তিনি করেছেন ৩৯ গোল। এরপরেই আছেন কিলিয়ান এমবাপ্পে, ফরাসি তারকার গোল ৩৫টি। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৩ সালে করেছেন ২৬ গোল।
রোনালদোর জোড়া গোলের সুবাদে বসনিয়াকে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। ইউরো বাছাইপর্বে ৮ ম্যাচে সব কটিই জিতেছে রবার্তো মার্তিনেজের দল। আগেই অবশ্য ২০২৪ ইউরোর মূলপর্বে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল।
জাতীয় দল ও ক্লাব আল-নাসেরের হয়ে উড়ন্ত ফর্মে আছেন রোনালদো। তার ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৯ এ। বয়স প্রায় ৩৯ ছুঁই ছুঁই হলেও যেভাবে খেলে যাচ্ছেন তাতে থামার কোনো লক্ষণ নেই।
বছরের এখনও দেড় মাস বাকি। তবে রোনালদো যেভাবে গোল করছেন, তাতে হালান্ড ও এমবাপ্পের পক্ষে তাকে পেছনে ফেলা কঠিনই হবে।
Leave a Reply