যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনটি জানিয়েছে ইরানি গণমাধ্যম। বার্তা সংস্থা এএফপি জানায়, সামরিক পদক্ষেপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পরই তেহরান এই সিদ্ধান্তের পথে এগিয়েছে। খবর জিও নিউজের।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে জানায়, ‘প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন।’ প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে, তবে আলোচনার নির্দিষ্ট তারিখ স্পষ্ট করা হয়নি। একই খবর প্রকাশ করেছে সরকারি দৈনিক ইরান এবং সংস্কারপন্থি পত্রিকা শারঘ।
এর আগে সোমবার ইরান জানায়, আলোচনার একটি পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই প্রস্তুত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপের বিস্তারিত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা ও চূড়ান্ত করছি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই এটি শেষ করা যাবে।’ তিনি জানান, আঞ্চলিক কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে বার্তা আদান–প্রদানে ভূমিকা রাখছে।
আবারো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সম্প্রতি বেড়েছে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন। তবে একই সঙ্গে তিনি বলেন, তিনি এখনো একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চান।
Leave a Reply